২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:২০
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলার যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত রয়েছে। 
 
রাজধানীর নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে এ মামলার বিচার চলছে। মামলায় এ পর্যন্ত ২২ আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। মঙ্গলবার ছিল এ মামলায় যুক্তিতর্ক পেশ করার ৪৯তম দিন। 
 
মামলার আসামি আবুল কালাম আজাদ ওরফে বুলবুলের পক্ষে দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক পেশ করেন তার আইজীবী মাঈনুদ্দিন মিয়া। এ যুক্তিতর্ক পেশ অসমাপ্ত অবস্থায় মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে আগামী ৫, ৬ ও ৭ মার্চ। 
 
এর আগে এ মামলায় পলাতক আসামি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মাওলানা লিটন ওরফে জুবায়ের, মুফতি সফিকুর রহমান, মো. ইকবাল, মাওলানা তাজউদ্দিন, জাহাঙ্গির আলম বদর, রাতুল আহমদ বাবু, মহিবুল মোত্তাকিন, হানিফ পরিবহনের মালিক মো. হানিফ, মো. খলিল, বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, বিএনপি নেতা হারিছ চৌধুরী, আনিসুল মোরসালিন ও মুফতি আবদুল হাইয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। এ মামলায় আটক আসামী উজ্জল ওরফে রতন, মুন্সি মুহিবুল্লাহ ওরফে অভি, আবদুল হান্নান ওরফে মাওলানা সাব্বির, হাফেজ মাওলানা ইয়াহিয়া, আসামি মাওলানা মো সাঈদ ওরফে ডাক্তার জাফর, আরিফ হাসান সুমন, হোসাইন আহমেদ তামিম ও আসামি হাফেজ মাওলানা আবু তাহেরের পক্ষে তাদের নিযুক্ত আইনজীবীরা যুক্তিতর্ক পেশ শেষ করেন। বাসস
 
ইত্তেফাক/ইউবি