মামলা বন্ধ করল দুবাই পুলিশ, ভারতে ফিরছে শ্রীদেবীর মরদেহ

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ২১:২৫
বহু জলঘোলা শেষে পরিবারের হাতে শ্রীদেবীর দেহ তুলে দিয়েছে দুবাই পুলিশ। মঙ্গলবার রাতেই মুম্বাই ফিরতে পারে নায়িকার মরদেহ। শ্রীদেবীর মৃত্যু মামলা বন্ধ করল দুবাই পুলিশ। এই মামলায় বনি কাপুরকেও ক্লিনচিট দিয়েছে তারা।
 
দুবাই থেকে মরদেহ ফেরানোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন বনি কাপুর। তাকে সাহায্য করতে ইতিমধ্যেই দুবাই পৌঁছে গিয়েছেন বনি কাপুরের প্রথম পক্ষের ছেলে চিত্র নায়ক অর্জুন কাপুর। মুাম্বাই পুলিশকে রাত সাড়ে নয়টার দিকে প্রস্তুত থাকার কথা বলা হয়েছে। 
 
শ্রীদেবী এবং তার দুই মেয়ে জাহ্নবী ও খুশির সঙ্গে অর্জুনের সম্পর্ক নাকি একেবারেই ভাল ছিল না। তবে শ্রীদেবীর মৃত্যু সম্পর্কের শীতলতা কাটিয়েছে বলেই খবর। চাচা অনিল কাপুরের বাড়িতে জাহ্নবী ও খুশির সঙ্গে গত সোমবারই দেখা করেছিলেন অর্জুন।
 
 
 
দুবাইয়ের খলিজ টাইমস-এর খবর অনুযায়ী, শ্রীদেবীর ময়নাতদন্তের রিপোর্টে জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়ে নয় বরং বাথটবের জলে ডুবে মৃত্যু হয়েছে শ্রীদেবীর। এর পরেই সোমবার দেহ ফেরার সম্ভাবনা ক্ষীণ হয়ে যায়। শেষ পাওয়া খবর অনুযায়ী মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে ফিরতে পারে অভিনেত্রীর দেহ। দুবাইয়ের সরকারি আইনজীবীর অনুমতির পরই দেহ মুম্বইয়ে ফেরানো সম্ভব।
 
এই ঘটনায় দুবাই পুলিশ শ্রীদেবীর স্বামী বনি কাপুর, অভিনেত্রীর পরিবারের অন্য সদস্য এবং যে হোটেলে অভিনেত্রীর দেহ মিলেছে সেখানকার কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করেছেন।
 
দুবাই পুলিশের পক্ষ থেকে ভারতীয় দূতাবাসকে জানানো হয়েছে, আরও একটি ছাড়পত্র পাওয়ার পর তবেই ছাড়া যাবে অভিনেত্রীর দেহ। সে ক্ষেত্রে ঠিক কখন দেহ ভারতে পৌঁছবে সেই নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
 
ইত্তেফাক/ রেজা