সাংবাদিক শিমুল হত্যা মামলার ২ আসামির শরীরে গুলির সন্ধান মিলেছে

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৫০
সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দ্রুপের সংঘর্ষের সময় গুলিতে নিহত সাংবাদিক আব্দুল হাকিম ওরফে শিমুল হত্যা মামলার ২ আসামির শরীরে ওই সময়ের ঘটনার গুলির সন্ধান মিলেছে। মঙ্গলবার শাহজাদপুর আমলী আদালতে সিভিল সার্জনের দাখিল করা এ সংক্রান্ত একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।  
 
তৎসময়ে মেয়রের বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনায় মেয়রের স্ত্রীর দায়ের করা মামলায় আদালতের নির্দেশে গঠিত মেডিক্যাল বোর্ড ওই দুজনের শরীরে গুলি থাকার বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদনটি দাখিল করা হয়েছে। মামলার আইনজীবী মো. রফিক সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
গুলিবিদ্ধ দুজন হলেন শাহজাদপুরের মনিরামপুর এলাকার হাজী আজাহার আলীর ছেলে সাহেব আলী (৩০) এবং একই এলাকার তোরাজ আলীর ছেলে জহির আলী (৩২)। এ দুজন বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন। সংঘর্ষের পর মেয়রের বাড়িতে হামলার ঘটনায় তার স্ত্রী লুৎফুন নেছা ওরফে পিয়ারীর দায়ের করা মামলায় এ দুজনকে সাক্ষী করা হয়েছে। 
 
মেয়রের স্ত্রীর মামলার আইনজীবী রফিক সরকার জানান, চলতি বছরের ৩০ জানুয়ারি বাদির আবেদনের প্রেক্ষিতে শাহজাদপুর উপজেলা আমলী আদালতের বিচারক হাসিবুল হক মেডিক্যাল বোর্ড গঠন করে সাহেব আলী ও জহির আলীর শরীরের গুলির উপস্থিতি আছে কি না তা পরীক্ষা করে প্রতিবেদন দাখিল করার জন্য সিরাজগঞ্জের সিভিল সার্জনকে নির্দেশ দেন। আদালতের নির্দেশ মোতাবেক সিরাজগঞ্জের সিভিল সার্জন কাজী শামীম হোসেন গত ৭ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক আব্দুর রব্বান তালুকদারকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট মেডিক্যাল বোর্ড গঠন করেন। এই বোর্ডের চিকিৎসকরা এক্সরে ও শারিরীক পরীক্ষা করে আহতদের শরীরে গুলি থাকার বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদন প্রদান করেন। প্রতিবেদনে সাহেব আলীর ২ উরু ও ২ পায়ের পিছন দিকে অনেকগুলো সট গান সররা গুলি এবং জহির আলীর বাঁ পায়ের পাতার তলদেশে একটি সটগানের সররা গুলির পিলেট রয়েছে উল্লেখ করা হয়।
 
 
ইত্তেফাক/ইউবি