৮-১০ মার্চ শিল্পকলায় ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন উইল ফেস্ট

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৪৬
আসন্ন আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এর পরিবেশনায় অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী উইল ফেস্ট। 
 
ওমেন ইন লিডারশিপ (উইল) এর আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় অনুষ্ঠিতব্য এই ফেস্টিভাল বা উৎসব এ থাকবে নারী বিষয়ক নানা আয়োজন যার মধ্যে রয়েছে ওমেন লিডারশিপ সামিট, ইন্সপায়ারিং ওমেন এওয়ার্ড, ফ্রিডম অব চয়েস এক্সিবিশন, নারীর ক্ষমতায়ন সম্পর্কিত নানাবিধ আলোচনা এবং তরুণ নারী উদ্যোক্তাদের জন্য স্টার্টাপ টক বা আলোচনা। 
 
প্রথমবারের মত আয়োজিত এ ফেস্টিভাল এর মূল প্রতিপাদ্য হচ্ছে ঔনিং এন্ড ভিজিবিলিটি অথবা কর্তৃত্ব এবং দৃশ্যমানতা। এখানে ঔনিং বলতে বুঝানো হচ্ছে নারীর কর্তৃত্ব ও আত্মবিশ্বাস যার মাধ্যমে সে নিজেকে সাফল্যের শিখরে নিয়ে যেতে পারে। ভিজিবিলিটি দ্বারা বুঝানো হচ্ছে যে দৃষ্টিতে নারীকে সমাজ, বন্ধুমহল ও পরিবারের সবাই দেখে থাকে। 
 
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকরা এই উৎসবের মূলকথা ও উদ্দেশ্য তুলে ধরেন। সংবাদ সম্মেলনে ওমেন ইন লিডারশিপ এর প্রেসিডেন্ট নাজিয়া আন্দালিব প্রিমা বলেন, ‘মানসিক বুদ্ধির প্রয়াসে নারীরা তাদের নিজের কর্তৃত্ব স্থাপন করতে সক্ষম, তথাপি তারা আজ পরিবার গঠন থেকে শুরু করে জাতি গঠনে সর্বত্র দৃশ্যমান। এটি তাদেরকে সমাজের ভিত্তি হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। উইল ফেস্ট এর প্রত্যয় হলো সকল অনুসরণীয় নারীদেরকে এক মঞ্চে এনে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করা।
 
এসিআই কনজিউমার ব্র্যান্ডস এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীর বলেন ‘এসিআই কনজিউমার ব্র্যান্ডস নারীদের প্রয়োজনীয় নানাবিধ পণ্য সরবরাহ করে সর্বদা নারীর ক্ষমতায়নে সচেষ্ট থাকে। আমাদের পণ্য ‘ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন’ নারীদেরকে তাদের ক্ষমতার সর্বোচ্চটুকু প্রয়োগে সহায়তা করে। উইল ফেস্ট এর আয়োজনে সম্পৃক্ত হতে পেরে আমরা আনন্দিত।
 
সম্মেলনে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম এবং একাত্তর টিভি এর সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সামিয়া জামান।
 
এ ছাড়া তিন দিনব্যাপী প্রায় ২০টি আলোচনার আয়োজন করা হবে যেখানে কথা বলা হবে নারীদের বিভিন্ন ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কিত বিষয় নিয়ে। এসব আলোচনার উদ্দেশ্য থাকবে নারীদেরকে তাদের কর্তৃত্ব ও উন্নতি এর উপর আরো জোরালোভাবে বিশ্বস্ত করা, যাতে তারা সমাজে আরো দৃশ্যমান হতে পারে।