দুর্র্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ বলেছেন, দুর্নীতি করলে জেলে যেতে হবে। দুদকের মামলায় আদালতের রায়ে ইতিমধ্যে যার বিচার প্রভাবশালী দুর্নীতিবাজরা পেতে শুরু করেছে। দুর্নীতিবাজরা যতই ক্ষমতাবান হোক, তাদের বিচার একদিন হবেই। দুর্নীতির বিরুদ্ধে জনগণের কাছে অন্তত সেই বার্তা পৌঁছে দিতে পেরেছি। একই সাথে আমরা দেখিয়ে দিয়েছি, যতো বড় ক্ষমতাবানই হোক না কেন দুদকের মামলায় তাদেরকে সাজা ভোগ করতে হয়েছে। অন্যান্য ক্ষমতাবানরাও কেউ ছাড় পাবে না।
দুদক কমিশনার দুর্নীতিবাজ সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, দুর্নীতি করবেন চাকরী হারাবেন, জেলে যাবেন। তাই একমাস সময় দেয়া হলো ভালো হয়ে যান। নতুবা রেহাই পাবেন না।
'দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন' শ্লোগনকে ধারণ করে বরিশালের গৌরনদীতে মঙ্গলবার সকালে দুদকের ৮৩তম গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কমিশনার আরও বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে পারলে এদেশ সত্যি সত্যি সোনার বাংলাদেশ হবে। তাই দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে সাম্প্রতিককালের বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে কমিশনার বলেন, এরজন্য কতিপয় অভিভাবকরা দায়ী। তারা তাদের সন্তানদের ফাঁস হওয়া প্রশ্নপত্রের ব্যাপারে উৎসাহি করে থাকেন।
সরকারী সকল কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতার শতভাগ নিশ্চিত করতে গণশুনানী অনুষ্ঠানে কমিশনার বলেন, অনেকেই দুদকের নাম শুনলে ভয় পেয়ে থাকেন। আসলে সবাইকে বুঝতে হবে দুদক মানেই জনগণ। সরকারী অর্থ ভোগকারীরা জনগণকে সঠিক সেবা দিচ্ছেন কিনা সেজন্যই দুদক নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
গণশুনানী অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব খন্দকার শাহে আলম মঞ্জুর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল কালাম তালুকদারের সঞ্চালনায় গনশুনানি অনুষ্ঠিত হয়। গৌরনদী উপজেলার উল্লেখযোগ্য বিভিন্ন সরকারী সেক্টরের মধ্যে ভূমি, সেটেলমেন্ট, সাব রেজিষ্টি, পল্লী বিদ্যুত, স্বাস্থ্য কমপ্লেক্স, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস, হিসাব রক্ষণ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন, সমাজ সেবা, সমবায় ও যুব উন্নয়ন অফিসসহ অন্যান্য সরকারী অফিসে সেবা গ্রহণকালে দুর্নীতি, হয়রানী এবং ভোগান্তির অভিযোগ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে গনশুনানি অনুষ্ঠিত হয়। তাৎক্ষনিক সংশ্লিষ্ট অভিযুক্ত কর্মকর্তা ও কর্মচারীরা অভিযোগের যুক্তিখণ্ডন করেন। অনেক কর্মকর্তা ও কর্মচারীরা আসামিদের মতো দুদক কমিশনারের কাছ থেকে সময় চেয়ে নিয়ে সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।
দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগীতায় গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল কালাম তালুকদার, অতিরিক্ত জেলা পুলিশ সুপার তৌহিদুল ইসলাম, পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, দুর্নীতি দমন কমিশনের বরিশাল বিভাগের পরিচালক মোঃ আবু সাঈয়েদ, প্রধান কার্যালয়ের পরিচালক মোঃ মনিরুজামান, উপ-পরিচালক এবিএম আব্দুস সবুর,উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার,গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আফজাল হোসেন, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সাংবাদিক মোঃ আসাদুজ্জামান রিপন।
বক্তব্য রাখেন, উপসহকারী পরিচালক রনজিত কুমার কমর্কার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ মোঃ জামাল উদ্দিন,সদস্য রাজারাম সাহা, মামুন মিয়া প্রমুখ।
গণশুনানী সভার শুরুতে সকাল নয়টায় উপজেলা চত্বরে দুর্নীতি প্রতিরোধে র্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুদক কশিশনার সকাল ৯ টায় গৌরনদীতে পোছলে তাকে গৌরনদী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় গৌরনদী মডেল থানা পুলিশ তাকে গার্ড অব অনার প্রদান করে। দুদকের র্যালী, মানববন্ধন ও গনশুনানিতে এলাকার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেত্রীবৃন্দ, সাংবাদিক, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
ইত্তেফাক/নূহু
