এবার উত্তরের ১১ জেলার ঢাকাগামী বাস চলাচল বন্ধ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ১২:০৬

এবার উত্তরের ১১ জেলা থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল করতে না দেয়ার ঘোষণা দিয়েছে রাজশাহী বিভাগীয় পরিবহণ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। মঙ্গলবার রাতে বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিষদের জরুরি সভা শেষে এই ঘোষণা দেয়া হয়।

এর আগে সোমবার রাত থেকে কেবল বগুড়া থেকে ঢাকামুখী বাস চলাচল বন্ধ ছিলো। বুধবার সকাল থেকে বগুড়া, নওগাঁ ও জয়পুরহাটসহ রংপুর বিভাগের ৮ জেলা থেকে ঢাকামুখী বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

সৃষ্ঠ পরিস্থিতি নিয়ে করণীয় নির্ধারণ করতে বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনালে রাজশাহী বিভাগীয় পরিবহণ মালিক-শ্রমিক ঐক্য পরিষদের জরুরি সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি আবদুল লতিফ মণ্ডল। এছাড়াও সভায় বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের আহবায়ক মঞ্জুরুল আলম মোহন, যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম, মোটর মালিক গ্রুপের নেতা রফিকুল ইসলাম মঞ্জু, তোওফিক হাসান ময়না, আকতারুজ্জামান ডিউকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।   

সভাশেষে ঐক্য পরিষদের সভাপতি আবদুল লতিফ মণ্ডল মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় জানান, নওগাঁ শ্রমিক ইউনিয়নের সাথে বগুড়া মোটর মালিক গ্রুপের বিরোধের সূত্র ধরে গত কয়েকদিন ধরে বগুড়ার মালিকদের বাস ঢাকার মহাখালী ও গাবতলীতে আটকে রেখেছে পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতারা। সোমবার নওগাঁ ও বগুড়ার বিরোধ মিটে যাবার পরও ঢাকায় বগুড়ার বাস মালিকদের কাউন্টারগুলো বন্ধ করে দেয়া হয়।

এর প্রতিবাদে সোমবার রাত থেকে মঙ্গলবার সারাদিন বগুড়া থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রাখেন বগুড়ার মালিকরা। তবে অন্যান্য জেলা থেকে ঢাকাগামী বাসগুলো চলাচল করেছে যথারীতি। কিন্তু মঙ্গলবার রাত পর্যন্ত কোনো সমঝোতা না হওয়ায় এবং আটক ৩৪টি গাড়ি ঢাকা থেকে ছেড়ে না দেয়ায় বুধবার সকাল থেকে এই অঞ্চলের সব জেলা থেকে ঢাকামুখী কোনো বাস চলাচল করতে না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর ফলে বুধবার সকাল থেকে রংপুর বিভাগের ৮ জেলা এবং বগুড়া, জয়পুরহাট ও নওগাঁর সাথে রাজধানীর বাস চলাচল বন্ধ থাকবে। এর ফলে বগুড়াসহ উত্তরের ১১টি জেলার রাজধানীমুখী যাত্রীরা বুধবার সকাল থেকে আবারও চরম দুর্ভোগে পড়তে যাচ্ছে।

ইত্তেফাক/নূহু