পাকিস্তানে দলের সভাপতি হিসেবে ভাই শাহবাজ শরিফকে নির্বাচিত করেছেন নওয়াজ শরিফ। সমপ্রতি সুপ্রিম কোর্টের রায়ে নিজের দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হন নওয়াজ শরিফ। এর আগে তিনি শীর্ষ আদালতের রায়ে প্রধানমন্ত্রী পদ থেকেও ক্ষমতাচ্যুত হন। তাকে দলের ‘আজীবন নেতা’ নির্বাচিত করা হয়েছে। খবর ডনের
গতকাল মঙ্গলবার পাকিস্তান মুসলিম লীগের নেতৃত্ব নির্বাচনে ভোট গ্রহণ হয়। ভাই শাহবাজ শরিফকে অন্তর্বর্তীকালীন সভাপতি করার প্রস্তাব দেন নওয়াজ শরিফ। এতে সবাই একমত হন।
নওয়াজের মেয়ে মরিয়ম নওয়াজ টুইটার বার্তায় দলের সেন্ট্রাল ওয়ার্কিং কমিটির (সিডাব্লিউসি) বৈঠক অনুষ্ঠিত হওয়া এবং ভোটাভুটির কথা নিশ্চিত করেছেন। লাহোরে নওয়াজের বাসায় এই বৈঠক হয়। মরিয়ম জানান, রাজা জাফরুল হক, প্রধানমন্ত্রী আব্বাসি এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ প্রস্তাব দেন নওয়াজ শরিফকে দলের ‘আজীবন নেতা (কায়েদে ফর লাইফ)’ নির্বাচিত করার। প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাস হয়।
দলের চেয়ারম্যান রাজা জাফরুল হক বলেন, মিয়া নওয়াজ শরিফ দলের নেতা আছেন এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবেন। প্রস্তাব দেওয়ার পর সবাই চিত্কার করে ওঠেন ‘ওয়াজির-ই-আজম’ নওয়াজ শরিফ বলে। প্রধানমন্ত্রী আব্বাসি বলেন, এটা জনগনের সিদ্ধান্ত, এখানে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার নেই। এটা দলের সিদ্ধান্ত।
ইত্তেফাক/আনিসুর
