বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ নিহত ২

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৪২
 
বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আকাশ সরকার (৩২) ও মফিজুল হক (৫২) নামে দুই ব্যক্তি মারা গেছে। গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে পৌর শহরের ফায়ার সার্ভিস এলাকায় সড়ক দুর্ঘটনাটি ঘটে।
 
মফিজুলের বাড়ি পৌরশহরের জামুবাড়ী ডাঙ্গাপাড়ায় এবং আকাশের বাড়ি পার্শ্ববর্তী পার্বতীপুর উপজেলার বাসুপাড়া গ্রামে।
 
এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, মফিজুল হক পায়ে হেঁটে বদরগঞ্জ-পার্বতীপুর সড়ক দিয়ে উপজেলার রামনাথপুর ইউনিয়নের ট্যাক্সেরহাটের দিকে যাচ্ছিলেন। এ সময় আকাশ সরকার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিছন দিক থেকে মফিজুলকে ধাক্কা দেন। এতে মফিজুল ও আকাশ গুরুতর আহত হন। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মরত সদস্যরা মফিজুল ও আকাশকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিত্সক মফিজুলকে মৃত্যু ঘোষণা করেন। গুরুতর আহতাবস্থায় আকাশ সরকারকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। চিকিত্সাধীন অবস্থায় ওই রাতেই আকাশ মারা যান।
 
বদরগঞ্জ থানার ওসি (তদন্ত) শাহিনুর আলম বলেন, ‘এ বিষয়ে কোনো পক্ষের অভিযোগ না থাকায় নিহতদের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’
 
ইত্তেফাক/এএম