প্রেমের অপরাধে যুবককে গাছে বেঁধে মারধর

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:০৭
 
প্রেমের অপরাধে আনিছুর রহমান (২২) নামের এক যুবককে গাছের সঙ্গে বেঁধে মারধর করার অভিযোগ উঠেছে। বুধবার বেলা ১১টার দিকে রাজিবপুর উপজেলার টাঙ্গালিয়াপাড়া গ্রামের আলম মিয়া এ ঘটনা ঘটান।
 
আনিছুর রহমান বলেন, ৬ মাস থেকে কোদালকাটি গ্রামের নুরুন্নবী মিয়ার মেয়ে তাসনিমার সাথে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাসনিমা রাজিবপুরের টাঙ্গালিয়াপাড়া গ্রামে তার মামা আলম মিয়ার বাড়িতে থেকে পড়াশোনা করে। বুধবার সকালে সে আমাকে ডেকে আনে। আমি এখানে আসার সাথে সাথে এখানকার লোকজন আমাকে গাছের সঙ্গে বেঁধে বেদম মারধর করে। প্রেমের বিষয়টি তাসনিমাও স্বীকার করেছে।
 
তবে এসব কথা অস্বীকার করেছেন আলম মিয়া। তিনি বলেন, যুবককে মারধর করা হয়নি। শুধু বেঁধে রাখা হয়েছে। কারণ আমার ভাগ্নি স্কুলে যাওয়া আসার পথে আনিছুর রহমান উত্যক্ত করে।
 
রাজিবপুর থানার ওসি রবিউল ইসলাম বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমরা সেখানে গিয়েছিলাম কিন্তু ছেলেটিকে পাওয়া যায়নি। আমরা ছেলেটির সন্ধান করছি পেলে ব্যবস্থা নেব। 
 
ইত্তেফাক/আরকেজি