রাজশাহী কলেজে বান্ধবী নিয়ে ছাত্রলীগের দু’পক্ষের হাতাহাতি

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ২০:১০
 
রাজশাহী কলেজে বান্ধবী নিয়ে ছাত্রলীগের দু’পক্ষের হাতাহাতিতে দুইজন আহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১টায় কলেজের রবীন্দ্র ভবনের সামনে এ ঘটনায় আহত গোলাম মাওলাকে (২৫) উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া জালাল নামের আরেক কর্মীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
 
এনিয়ে বিবদমান দুই গ্রুপে তীব্র উত্তেজনার প্রেক্ষিতে রাজশাহী কলেজে পুলিশ মোতায়েন করা হয়। আহত ছাত্রলীগ কর্মী গোলাম মাওলা কলেজের মনোবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মনোবিজ্ঞান বিভাগের একটি সেমিনার চলাকালে ছাত্রলীগকর্মী গোলাম মাওলা অপর ছাত্রলীগকর্মী জালালকে ডেকে নিয়ে মারধর করেন। পরে কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক রাসিক দত্ত, জালাল ও সজিবের নেতৃত্বে তাদের অনুসারীরা গোলাম মাওলাকে মারধর করেন। বান্ধবী নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করে।
 
রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মহা. হবিবুর রহমান বলেন, কলেজের মনোবিজ্ঞান বিভাগের ছাত্র গোলাম মাওলা ও জালাল উদ্দিনের মধ্যে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। আহত ছাত্রকে উদ্ধার করে চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। তার চিকিৎসার ব্যবস্থা করেছেন শিক্ষকরা। 
 
ইত্তেফাক/আরকেজি