অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে হাসপাতালে হামলা

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:২২

আজ বুধবার সন্ধ্যায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গিয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় রোগীর স্বজনরা হাসপাতালে হামলা চালায় ও ভাংচুর করে। ঘটনার সময় দুজনকে আটক করেছে পুলিশ।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তাপস কুমার সরকার জানান, বুধবার বিকাল ৪টার দিকে জয়নাল নামের হৃদরোগে আক্রান্ত এক রোগী হাসপাতালের ২নং ওয়ার্ডে ভর্তি হন। ভর্তির কিছুক্ষণ পর ওই রোগীর মৃত্যু হয়। এ সময় মৃত রোগীর স্বজনরা চিকিৎসকদের অবহেলার অভিযোগ আনেন এবং ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলা ও অফিস কক্ষে ভাংচুর চালায়। এসময় বেশ কয়েকজন ইন্টার্ন চিকিৎসককে লাঞ্ছিত করা হয়। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করে।

কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক নীলা জানান, রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রোগীর কিছু উচ্ছৃঙ্খল স্বজন তাদের ওপর হামলা চালায় এবং লাঞ্ছিত করে। পরে তাদের কক্ষে ভাংচুরও করা হয়। তবে ওই রোগীর চিকিৎসা বিষয়ে তাদের কোন অবহেলা ছিল না বলেও দাবী করেন ইন্টার্ন চিকিৎসকরা।

তবে রোগীর স্বজনদের অভিযোগ, চিকিৎসকদের অবহেলায় রোগী জয়নালের মৃত্যু হয়েছে। এদিকে হামলা ঘটনায় দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ইন্টার্ন চিকিৎসকরা কর্ম বিরতি পালন করবেন বলে আল্টিমেটাম দেয়া হয়েছে।

ইত্তেফাক/নূহু