ময়মনসিংহের গফরগাঁওয়ে পারিবারিক কলহের জের ধরে রমিজা খাতুন (৬০) নামে এক শাশুড়ি হত্যার অভিযোগে ছেলের বউ আটক হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল বুধবার রাতে উপজেলার বারবড়িয়া ইউনিয়নের পাকাটি গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ওই ছেলের বউয়ের নাম খাদিজা বেগম (৩২)। তার স্বামীর নাম ইসমাইল হোসেন। বাড়ির লোকজন খাদিজা বেগমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ৯টার দিকে রমিজা খাতুন যখন রাতের খাবার খাচ্ছিলেন তখন কথা কাটাকাটির এক পর্যায়ে তার ছেলের বউ খাদিজা ধারালো দা দিয়ে রমিজা খাতুনের মাথা, ঘাড় ও বুকে এলোপাথাড়ি কোপায়। ঘটনাস্থলেই রমিজা খাতুনের মৃত্যু হয়। রমিজার মেয়ে ইভাসহ বাড়ির লোকজন ঘটনাটি টের পেয়ে খাদিজা বেগমকে আটকে রাখে। রাতেই থানা পুলিশ খাদিজাকে আটক করে থানায় নিয়ে আসে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রমিজা খাতুন নিহত ও খাদিজা বেগম আটক হওয়ার সত্যতা নিশ্চিত করে গফরগাঁও থানার ওসি আব্দুল আহাদ বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/এসএস
