নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বানিয়াগাতী গ্রামে রাস্তার পাশের ঝোপ থেকে একটি নবজাতক ছেলেকে উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে এ নবজাতকটিকে উদ্ধার করা হয়।
জানা যায়, বানিয়াগাতী গ্রামের মিনা আক্তার নামে এক নারী ওই নবজাতককে ঝোপের মধ্যে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। তবে রাতের আঁধারে কে বা কারা নবজাতকটিকে ঝোপের মধ্যে ফেলে রেখে গেছে তা জানা যায়নি। খবর পেয়ে তাকে দেখতে বানিয়াগাতী গ্রামসহ এলাকার শত শত লোক ছুটে আসে।
এদিকে বিষয়টি জানার পর কেন্দুয়া থানা পুলিশ ওই নবজাতককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। শিশুটি সম্পূর্ণ সুস্থ রয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।
কেন্দুয়া থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, নবজাতকটি হাসপাতালে ভর্তি রয়েছে এবং সুস্থ আছে। পরবর্তীতে সমাজসেবা অফিস এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
ইত্তেফাক/এসএস
