দূর্গন্ধের কারণ খুঁজতে গিয়ে বৃহস্পতিবার বিকালে গাইবান্ধা জেলা শহরের পূর্বপাড়ায় ঘরের দরজা ভেঙে পুলিশ দেখতে পায় পঁচে যাওয়া ঝুলন্ত একটি লাশ। মৃতদেহটি ওই এলাকার মৃত. ফজলার রহমানের ছেলে চিরকুমার মাহমুদুর রহমান বাবুর (৪৮)।
গাইবান্ধা সদর থানার ওসি খাঁন মোঃ শাহরিয়ার জানান, চিরকুমার মাহমুদুর রহমান বাবু (৪৮) ওই বাড়িতে একাই থাকতেন। তার প্রতিবেশিরা গত দুইদিন থেকে কেমন একটা দূর্গন্ধ পাচ্ছিলেন। বৃহস্পতিবার দুপুরে দূর্গন্ধটা আরো তীব্র হয়। এর কিছুক্ষণের মধ্যে আবিষ্কার হয় বাবুর ঘর থেকে এই দূর্গন্ধ পাওয়া যাচ্ছে। পরে ডাকাডাকি করেও কোন সাড়াশব্দ না পেয়ে গাইবান্ধা সদর থানা পুলিশকে অবহিত করে প্রতিবেশিরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখতে পায় মাহমুদুর রহমান বাবুর ঝুলন্ত লাশ।
তিনি আরো জানান, বাবু দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। এ কারণে বেশ কিছুদিন যাবৎ তিনি খাওয়া-দাওয়াসহ অনিয়মতান্ত্রিক জীবন যাপন করে আসছিলেন। এছাড়া গত কয়েকদিন ধরে তার ঘরের দরজা-জানালা বন্ধ দেখতে পায় প্রতিবেশিরা। তাই ধারণা করা হচ্ছে ৪/৫ দিন আগে কোন এক সময় তিনি ঘরের ভেতর গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। এজন্য তার লাশে পচন ধরে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।
লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা করা হয়েছে।
