সাতক্ষীরার তালা বাজারের সেলুন (নরসুন্দর) ব্যবসায়ী বিনয় শীল (৪২) গলায় ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। সদা হাস্যজ্জ্বল বিনয় শীল উপজেলার হাজরাকাটি গ্রামের সন্তোষ শীলের ছেলে।
জানা যায়, প্রায় দু'মাস আগে তার গলায় ক্যান্সারের জীবাণু শনাক্ত করে চিকিৎসক। বর্তমানে সে ভারতের ভেলোরের খ্রিস্টিয়ান মেডিকেল কলেজে (সিএমসি) ডা. সুরেশ এর তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করছেন। চিকিৎসক বলেছেন, বিনয় শীলকে সুস্থ করতে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা খরচ হবে। কিন্তু হত-দরিদ্র বিনয় শীলের পক্ষে এত টাকা যোগাড় করা অসম্ভব।
বিনয় শীল জানান, তার বৃদ্ধ মা-বাবা, স্ত্রী, এক কন্যা ও একটি ছেলে সন্তান রয়েছে। মেয়েটি বর্তমানে খুলনা আজম খান কমার্স কলেজে অনার্স প্রথম বর্ষে পড়াশুনা করছে। আর ছেলে প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়াশুনা করছে। লোকজনের চুল-দাড়ি কেটে ৬ জনের সংসার টানার পাশাপাশি ছেলে-মেয়ের পড়াশুনার খরচ যোগাতে তাকে হিমশিম পোহাতে হয়। তার উপর মরণব্যাধি ক্যান্সার তাকে বাকরুদ্ধ করে ফেলেছে।
এদিকে সংসারের একমাত্র উপার্জনক্ষম বিনয়ের দুরারোগ্য ব্যাধিতে পাগল প্রায় তার মা-বাবা, স্ত্রী-সন্তানসহ স্বজনরা। রোগ যন্ত্রণায় কাতর বিনয় শীল তার চিকিৎসার টাকা যোগাড় করার জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন। তার ব্যাংক হিসাব নম্বর ০১০০১০৮৮০৬৫৬১, জনতা ব্যাংক, তালা শাখা, সাতক্ষীরা এবং বিকাশ নম্বর ০১৭১৭-৪৫৬৬২৪।
ইত্তেফাক/এসএস
