ভারতীয় স্টিল বোঝাই জাহাজ এখন আশুগঞ্জে

আপডেট : ০২ মার্চ ২০১৮, ১৩:৫১
ভারত-বাংলাদেশ ট্রানশিপমেন্ট চুক্তির আওতায় ভারতীয় ৫শ' ৫৬ মেট্রিকটন স্টিল বোঝাই এমভি গালফ-৩ নামে একটি জাহাজ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এসে পৌঁছেছে। তবে কাগজপত্র জটিলতা, শুক্র ও শনিবার বন্ধের দিন হওয়ায় জাহাজটি থেকে পণ্য খালাসের কাজ শুরু করা হয়নি।
 
গতকাল বৃহস্পতিবার বিকেলে এমভি গালফ-৩ নামে জাহাজটি আশুগঞ্জ নৌবন্দরের পাশে কামার মিয়ার ঘাটে এসে ভিড়েছে। কাগজপত্রসহ সকল আনুষ্ঠানিকতা শেষ করে মঙ্গলবার সকাল থেকে জাহাজটি থেকে পণ্য খালাসের কাজ শুরু হতে পারে বলে জানিয়েছেন লেডিং এর দায়িত্বে থাকা গালফ ওরিয়েন্ট সিঅয়েজ এর লজিস্টিক ম্যানেজার মো. নুরুজ্জামান।
 
তিনি আরো জানান, কলকাতার হলদিয়া বন্দর থেকে ১৩ ফেব্রুয়ারি জাহাজটিতে ভারতীয় স্টিল পাইপ লোড করা হয়। পরে প্রায় ১৫ দিন পর জাহাজটি ২৮ ফেব্রুয়ারি আশুগঞ্জ কামাল মিয়ার ঘাটে এসে ভিড়ে। কাস্টমস সহ সকল আনুষ্ঠানিকতা শেষ করে বাংলাদেশি ট্রাক ব্যবহার করে পাইপগুলি আখাউড়া বন্দর হয়ে আগরতলা যাবে। এক্ষেত্রে সকল প্রকার মাসূল প্রদান করেই পণ্যগুলি আখাউড়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
 
ইত্তেফাক/এসএস