নরসিংদীতে ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু

আপডেট : ০২ মার্চ ২০১৮, ১৭:৪৪
নরসিংদীর রায়পুরায় ট্রেনের ধাক্কায় এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ মার্চ) বিকাল ৩টায় জেলার রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনের অদূরে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক ভাবে ওই কিশোরের নাম পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিক ভাবে পুলিশ ধারণা করছে চলন্ত ট্রেনের সাথে ধাক্কা লেগে ওই কিশোরের মৃত্যু হয়েছে।
 
বাংলাদেশ রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে মেথিকান্দা রেল স্টেশনের পশ্চিম পাশে আউটারে একটি শিশুর মৃতদেহ দেখতে পেয়ে এলাকাবাসী স্টেশন মাস্টারকে জানান। বিষয়টি মেথিকান্দার রেল স্টেশন মাস্টার নরসিংদী জি আর পি ফাঁড়িকে জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে কিশোরের মহদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
 
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জিআরপি’র উপ পরিদর্শক জহির আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এখনও পর্যন্ত নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি চলন্ত ট্রেনের ধাক্কা লেগেই কিশোরের মৃত্যু হয়েছে।’
 
ইত্তেফাক/এমআই