বিএনপি গঠনতন্ত্র অনুযায়ী একটি দুর্নীতিবাজ দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ এমপি। শুক্রবার (০২ মার্চ) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্দ্যানে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইমাম ওলামা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দুর্নীতির দায়ে শাস্তি প্রাপ্ত হয়ে এতিমের টাকা আত্মসাৎ করার কারণে জেলে গেছেন এবং তিনি জেলে যাওয়ার আগে তাদের (বিএনপির) গঠনতন্ত্র পরিবর্তন করে দুর্নীতিবাজ, সন্ত্রাস, চাঁদাবাজদের নেতৃত্বে থাকার সুযোগ করে দেওয়ার মাধ্যমে তারা (বিএনপি) গঠনতান্ত্রিক ভাবে একটি দুর্নীতিবাজ দলে পরিণত হয়েছে।
ড. হাছান মাহমুদ বলেন, সারা বছর তাদের ইসলামের কোন খবর নাই, আলেম ওলামাদের কোন খবর রাখেন না, তাদের (বিএনপির) নেতারা এবং নেত্রীও কোন খবর রাখেন না। ভোটের সময় তারা (বিএনপি) কড়া মুসলমান হয়ে যান। বাংলাদেশে দুই ধরনের মুসলমান আছে একটি হলো স্বাচ্ছা মুসলমান অপরটি হলো গরুর গোসত খাওয়া মুসলমান। সুতরাং বিএনপি হচ্ছে গরুর গোসত খাওয়া মুসলমান।
মির্জা ফখরুলের বক্তব্যের প্রেক্ষিতে সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, আপনারা বিষদগার না করে বরং আপনারা আপনাদের গঠনতন্ত্রের সাত ধারা পরিবর্তন করে দুর্নীতিবাজদের আপনাদের দলে নেতৃত্বে থাকার যে সুযোগ করে দিয়েছেন, এই ধারাটি পুনঃস্থাপন করে আগের জায়গায় ফিরে আসুন।
আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- খাদ্যমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম এমপি, বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির জাতীয় নেতারা।
ইত্তেফাক/এমআই
