আল্লাহর শাস্তির কথা চিন্তা করুন : খালেদার প্রতি খাদ্যমন্ত্রী

আপডেট : ০২ মার্চ ২০১৮, ১৯:৪২
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বিএনপি নেত্রীর উদ্দেশে বলেছেন, এতিমের টাকা মেরে খাওয়ার শাস্তি দুনিয়াতে হয়েছে। পাঁচ বছরের জেল এটা তো কিছু না। মৃত্যু পরবর্তী শাস্তির বিষয়টি চিন্তা করুন। এতিমদের টাকা মেরে দেয়ার ফলে আল্লাহর কাছ থেকে যে কতো বড় শাস্তি পাবেন সেটা একবার ভাবুন। 
 
শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ইউনাইটেড ইসলামি পার্টির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 
 
খাদ্যমন্ত্রী বলেন, ‘জামিনের জন্য পাগল হয়ে গেছে। জামিনের সিদ্ধান্ত দেবে আদালত। এখানে সরকারের কিছু করার নেই।’ 
 
খালেদা জিয়ার রায়, দেশের মানবাধিকার পরিস্থিতি এবং আগামী নির্বাচনে অংশগ্রহণের মতো পরিস্থিতি তৈরির জন্য সহায়তা চেয়ে জাতিসংঘ, কমনওয়েলথ এবং ইউরোপীয় ইউনিয়নকে বিএনপির চিঠি দেয়ারও সমালোচনা করেন কামরুল ইসলাম। গত বুধবার কঠোর গোপনীয়তার সঙ্গে এই চিঠি দেয়া হয়েছে বলে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়েছে। 
 
দেশবাসীকে উদ্দেশ্য করে কামরুল ইসলাম বলেন, আপনাদের ওপর তাদের (বিএনপি) কোন আস্থা নেই, নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার জন্য তারা বিদেশিদের কাছে ধরণা দেয়, দরবার করে। তবে বিদেশিরা নয়, দেশের মানুষই নির্বাচনে ভোট দিবে বলে বিএনপিকে স্বরণ করিয়ে দেন তিনি। 
 
আওয়ামী লীগ বা শেখ হাসিনার বিদেশে কোন প্রভু নেই, বরং বন্ধু রয়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি বিদেশে তাদের প্রভু বা মালিক খুঁজে বেড়ায়।’
 
ইত্তেফাক/ইউবি