দুদিন ধরে দিদির মৃতদেহ নিয়ে বসে রইল ৩ বোন

আপডেট : ০২ মার্চ ২০১৮, ২১:২৯
দুদিন ধরে মৃত দিদির দেহ ঘরের মধ্যে আগলে বসে রইলেন বোনেরা। শেষমেশ প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে পাঁচিল টপকে বাড়ির মধ্যে ঢুকে মৃতদেহ উদ্ধার করল পুলিশ। 
 
ভারতের বাঁকুড়া জেলার প্রতাপবাগানের বাড়িতে তিন বোনকে নিয়ে থাকতেন অর্চনা পাল। বুধবার রাতে তার মৃত্যু হয়। প্রতিবেশীরা জানিয়েছেন, হাসপাতাল থেকে অর্চনা পালের দেহ নিয়ে আসার পরই তারা বাকি বোনদের মধ্যে একটা অদ্ভুত আচরণ লক্ষ্য করেন। তারা দেখেন, ঘরের সব দরজা জানালা বন্ধ করে রেখেছেন বাড়ির সদস্যরা।   
 
এরপরই পুলিশে খবর দেন প্রতিবেশীরা। পুলিশ এসে বার বার ডাকাডাকি করা সত্ত্বেও বাড়ির কেউই দরজা খোলেন না। এরপরই পাঁচিল টপকে বাড়ির মধ্যে ঢুকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পাশাপাশি চিকিৎসার জন্য তিন বোনকে বাঁকুড়া সম্মিলনী কলেজে পাঠানো হয়েছে। 
 
কেমন ছিলেন ওই চার বোন? প্রতিবেশীরা বলছেন, সকলেই পড়াশুনায় ভালো ছিলেন। দুই বোন বাঁকুড়া শহরে সরকারি চাকরি করেন। এক বোন থাকেন দুর্গাপুরে। মাঝেমধ্যে প্রতাপনগরের বাড়িতে আসতেন তিনি। তবে নিজেদের মধ্যে অশান্তি করলেও, বাইরের কারোর সঙ্গে পাল বোনদের কোনও ঝামেলা ছিল না বলেই জানিয়েছেন প্রতিবেশীরা। যদিও তাদের দাবি, বাড়ির কেউই মানসিকভাবে সুস্থ ছিলেন না। এর আগেও এক বোনের মৃতদেহ তারা এভাবেই আগলে রেখেছিলেন বলে জানিয়েছেন প্রতিবেশীরা।
 
ইত্তেফাক/ইউবি