রবিবার থেকে শুরু হচ্ছে ওএমএস

আপডেট : ০২ মার্চ ২০১৮, ২১:৪২
বাজারে চালের দাম বেড়ে যাওয়ায় রবিবার থেকে সারাদেশে শুরু হচ্ছে খোলাবাজারে চাল বিক্রি (ওএমএস) কার্যক্রম। প্রতি কেজি ৩০ টাকা দরে একজন ব্যক্তি সর্বোচ্চ ৫ কেজি চাল কিনতে পারবেন। খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ট্রাকের মাধ্যমে এবং দেশের জেলা ও বিভাগীয় শহরে ডিলারদের দোকানে এ চাল বিক্রি করা হবে। অন্যদিকে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনায় ৪৭টি কেন্দ্রে আগের মতো ওএমএস চালু থাকবে। কর্মসূচির জন্য প্রতি ডিলারকে ১ টন করে চাল বরাদ্দ দেওয়া হবে। 
 
উল্লেখ্য, সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, বর্তমানে বাজারে প্রতি কেজি মোটা চাল ৪৫ থেকে ৪৭ টাকায় এবং সরু চাল কেজিতে দুই টাকা বেড়ে মানভেদে ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে গত বৃহস্পতিবার থেকে আবারও খাদ্যবান্ধব কর্মসূচি চালু করেছে সরকার। এ কর্মসূচির আওতায় ৫০ লাখ হতদরিদ্র মানুষকে ১০ টাকা কেজি দরে প্রতিমাসে ৩০ কেজি করে চাল দেয়া হবে। 
 
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত বছরের ২০ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় পর্বে খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সরকারি গুদামে চালের সংকট থাকায় তা স্থগিত করা হয়েছিল। বর্তমানে সরকারের গুদামে চালের মজুদ বাড়ায় হতদরিদ্রদের জন্য কর্মসূচিটি আবার চালু করা হচ্ছে।
 
পল্লি অঞ্চলের হতদরিদ্রদের সাহায্যার্থে প্রতি বছর মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর- এই পাঁচ মাসে খাদ্যবান্ধব কর্মসূচি বাস্তবায়নের উদ্দেশ্য নিয়ে এই কর্মসূচি চালু করে সরকার। ২০১৬ সালের ৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করেন। 
 
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, গরিব মানুষকে কম দামে চাল দেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে আমরা এই দুটি কার্যক্রম চালু করছি। আশা করি, এতে বাজারে চালের দাম কিছুটা কমে আসবে।
 
বর্তমানে সরকারের খাদ্যগুদামে প্রায় ১১ লাখ ১৩ হাজার টন চাল এবং ৩ লাখ ৬৮ হাজার টন গম মজুত রয়েছে। যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ। 
 
ইত্তেফাক/এমআই