ভোলায় ৫ জেলেকে কারাদণ্ড

আপডেট : ০৩ মার্চ ২০১৮, ০৯:৫৩
ভোলার বোরহানউদ্দিন উপজেলার মেঘনা ও তেতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরার অপরাধে ৫ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আ. কুদদূস।
 
ইলিশের অভয়াশ্রম রক্ষায় নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পৃথক ৩টি টিম গতকাল শুক্রবার দিনব্যাপী ওই অভিযান পরিচালনা করেন। অভিযানে দুলাল, সবুজ, সাত্তার, লিটন ও মিরাজ নামের ৫ জেলে সহ ২৫ কেজি জাটকা জব্দ করা হয়।
 
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এএমএফ নাজমুস সালেহিন জানায়, ওই ৩টি পৃথক টিম ইলিশের অভয়াশ্রম খ্যাত বোরহানউদ্দিনের মেঘনা ও তেতুলিয়া নদী সহ মাছঘাট ও মাছের বিভিন্ন বাজারে অভিযান চালায়। এ সময় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরা ও জাটকা বিক্রি করার অপরাধে উল্লেখিত জেলেদের আটক করা হয়। রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আ. কুদদূস আটককৃত জেলে দুলালকে ৩ মাস, সবুজ ও সাত্তারকে ২৮ দিন এবং লিটন ও মিরাজকে ১৫ দিনের জন্য কারাদণ্ড প্রদান করেন। আটককৃত জাটকা মাছগুলো স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়।
 
ইত্তেফাক/এসএস