হাটহাজারীতে অগ্নিকাণ্ডে ৪ পরিবার নিঃস্ব

আপডেট : ০৩ মার্চ ২০১৮, ১১:২৯
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে গেছে। আজ শনিবার সকাল ৮টায় পূর্ব মেখল আমির উদ্দিন সারাং বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ১৪ লাখ টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
জানা যায়, শনিবার সকাল ৮টায় অন্ধ আবু বক্করের রান্নাঘরের গ্যাসের সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী টিনশেড নির্মিত সেমিপাকা আরো আরও কয়েকটি কক্ষে ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে একঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা পরণের কাপড় ছাড়া কিছুই বের করতে পারেনি। এতে আবু বক্করের ২ লাখ, আমির হোসেনের ৬ লাখ, কবির আহমদের ৪ লাখ ও ইউছুপের ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।
 
হাটহাজারী ফায়ার সার্ভিসের লিডার আবু জাফর বলেন, 'এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নির্বাপণ করা হয়েছে। পার্শ্ববর্তী বেশ কয়েকটি বসতঘর রক্ষা করা সম্ভবপর হয়েছে।' হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার আক্তার উননেছা শিউলী জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি বিধি অনুযায়ী সহযোগিতা করা হবে।
 
ইত্তেফাক/এসএস