এসে গেছে মার্চ মাস আর সময় হয়েছে জয় বাংলা কনসার্টের। যার জন্য সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করে বাংলাদেশের হাজারো রক সঙ্গীতপ্রেমী। তবে এবার, ৭ মার্চ মূল কনসার্টের আগে, খুলনার দর্শকদের জন্য বিশেষ আয়োজন করেছে আয়োজক ইয়াং বাংলা।
আগামী সোমবার খুলনার সার্কিট হাউজ মাঠে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে “রোড টু সেভেনথ মার্চ” কনসার্ট। কনসার্টে সঙ্গীত পরিবেশন করবে জনপ্রিয় দুই ব্যান্ড নেমেসিস ও মেকানিক্স। এই কনসার্টটি সবার জন্য সম্পূর্ণ ফ্রি; কোন টিকেট বা রেজিস্ট্রেশনের প্রয়োজন হবে না।
এরই মধ্যে গত ২ মার্চ সিলেটের আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে আয়োজন করা হয় “রোড টু সেভেনথ মার্চ” কনসার্টের প্রথমটি। সেখানেও ছিলো নেমেসিস ও মেকানিক্স। আর, গত ৩ বছরের মতো, এবারো ৭ই মার্চ ঢাকার আর্মি স্টেডিয়ামে মূল জয় বাংলা কনসার্ট তো থাকছেই।
IMG0
বঙ্গবন্ধুর ঐতিহাসিক রেসকোর্সের ভাষণের বর্ষপূর্তিতে এই কনসার্ট আয়োজন করে থাকে ইয়াং বাংলা। কনসার্টের এবারের লাইনআপ: পাওয়ারসার্জ, আরবোভাইরাস, শূন্য, নেমেসিস, ক্রিপটিক ফেইট, লালন, চিরকুট এবং আর্টসেল।
আগের তিনবারের মতো এবারো শুধুমাত্র অনলাইনে ফ্রি রেজিস্ট্রেশন করেই ৭ই মার্চের কনসার্টে আসা যাবে। রেজিস্ট্রেশন করা যাবে ticket.youngbangla.org এই পেইজে। জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন সনদ, মোবাইল নম্বর এবং ইমেইল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে ফ্রি টিকেট পৌঁছে যাবে ইমেইলে। রেজিস্ট্রেশন চলবে ১ মার্চ থেকে ৬ মার্চ পর্যন্ত।
ইত্তেফাক/মোস্তাফিজ
