আলমডাঙ্গার কায়েতপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী পালিত

আপডেট : ০৩ মার্চ ২০১৮, ১৫:২২
বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ঘনিষ্ঠ বন্ধু ব্যারিস্টার বাদল রশীদের হাতে গড়া কায়েতপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী পালিত হয়েছে। আজ শনিবার দিনভর নানা উৎসবমুখর অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
 
বাদল রশীদ ১৯৬৩ সালে লন্ডনের লিংকস ইন কলেজ থেকে বার অ্যাট ল পাশ করে দেশে ফিরেন। এরপর ১৯৬৮ সালে আলমডাঙ্গার নিভৃত পল্লী কায়েতপাড়া মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুরোধে তিনি রাজনীতিতে সক্রিয় হন। এ সময় ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়ার সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। গতকাল স্কুলটির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে বক্তারা তাদের স্মৃতিচারণমূলক বক্তব্যে বাদল রশীদের জীবনীর নানা কাহিনী উঠে আসে।
 
বিদ্যালয়ের সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জাতীয় সংসদের হুইপ সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। বিশেষ অতিথি ছিলেন- চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদ, সহকারী পুলিশ সুপার তরিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, সাবেক এমপি বাদল রশীদের সহধর্মিণী শেরিফা রশীদ, তার ছোট বোন ডা. শেফালী বেগম, নবাব স্যার সলিমুল্লাহ'র নাতিছেলে আলী আহসান আশকারী ও আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনুসহ বিদ্যালয়ের অসংখ্য সাবেক প্রথিতযশা শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, কায়েতপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার বাদল রশীদ মুক্তিযুদ্ধকালীন তার লন্ডনের 'বাংলাদেশ হাউজ' নামের একমাত্র বাড়িটি প্রবাসী সরকারকে দান করেন। ১৯৯৬ সাল পর্যন্ত লন্ডনের ওই বাংলাদেশ হাউজটি বাংলাদেশের দূতাবাস হিসেবে ব্যবহৃত হয়।
 
ইত্তেফাক/এসএস