পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, এ দেশকে আমরা একটি শক্তিশালী ফাউন্ডেশনের ওপর রেখে যাব, নতুন প্রজন্মের দায়িত্ব হবে এ দেশকে আরও এগিয়ে নেয়া, দেশের স্বাধীনতা সমুন্নত রাখা।
শনিবার দুপুরে দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, তোমাদের উন্নত বিশ্বের লেখাপড়া দিকে খেয়াল করতে হবে, ওখানে অ তে অজগর আ তে আম শেখানো হয় না, ওখানের শ্রেণির কক্ষগুলো খুব আধুনিক টেকনোলজিক্যাল সরঞ্জাম দিয়ে সাজানো। আমাদের লেখাপড়ার মান আরও বাড়াতে হবে। উন্নত বিশ্বে উন্নত লেখা পড়ার আমাদরকে অনুসরণ করতে হবে।
কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এফএম ফখরুল ইসলাম মুন্সীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, সাবেক সাংসদ এবিএম গোলাম মোস্তফা, সমন্বয় ও সংস্কার সচিব এনএম জিয়াউল আলম, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব একেএম খায়রুল আলম, আইসিটি অধিদফতরের মহাপরিচালক প্রফেসর মঞ্জুরুল আলম খান, প্রফেসর গোলাম মাওলা, এম আলী আহমেদ, বিগ্রেডিয়ার জেনারেল মোসলেহ উদ্দিন ভূইয়া, চট্টগ্রাম সিটি করপোরেশন সচিব মো. আবুল হোসেন, এডিসি মো. আসাদুজ্জামান, দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা, অ্যাডভোকেট জসিম উদ্দিন, এসএসপি সার্কেল শেখ মো. সেলিম, ওসি মো. মিজানুর রহমান প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
