আগামী ৭ই মার্চ বুধবার দুপুর দুইটায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভাকে স্মরণকালের সবচেয়ে বড় জন সমাবেশে পরিণত করতে ব্যাপক প্রচারণা শুরু করেছে ছাত্রলীগ। যেকোনো মূল্যে জনসভা সফল করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে সংগঠনটির সকল পর্যায়ের নেতা-কর্মীরা।
জানা যায়, জনসভা সফল করতে ইতোমধ্যেই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন নির্দেশনা দিয়েছে ছাত্রলীগকে। তারই ধারাবাহিকতায় ছাত্রলীগের সভাপতি এম সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে গত বৃহস্পতিবার থেকে পুরা ঢাকা মহানগরে জনসভায় অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে মাইকিং শুরু হয়েছে। ছাত্রলীগের পক্ষ থেকে রাজধানীজুড়ে মাইকিং করার দায়িত্ব নিয়ে রাজপথে সরব রয়েছে ২০ টি দল। ২০ টি দলের নেতৃত্ব দিচ্ছেন ছাত্রলীগের ২০ জন কেন্দ্রীয় কমিটির সম্পাদক। আগামী ৬ মার্চ পর্যন্ত ছাত্রলীগের এ কার্যক্রম অব্যাহত থাকবে। তারা সকাল দিনভর গোটা রাজধানী চষে বেড়াচ্ছে।
IMG0
এদিকে শনিবার জনসভার পক্ষে লিফলেট বিতরণ শুরু করেছে ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ। এরপরই ছাত্রলীগের নেতা-কর্মীরা পথচারীদের হাতে লিফলেট তুলে দেন।
জানতে চাইলে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, ঐতিহাসিক ৭ মার্চের জনসভা হবে স্মরণকালে সবচেয়ে সফল জনসভা। আগামী নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সভায় বিভিন্ন দিক নির্দেশনা দেবেন। দেশের উন্নয়নের ধারা অব্যাহত করতে বর্তমান সরকারের কোনো বিকল্প নেই। তাই এই সভা আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
IMG1
উল্লেখ্য, গত বছরের ৩০ অক্টোবর ইউনাইটেড নেশন এডুকেশন, সায়েন্টিফিক এন্ড কালচারাল অর্গানাইজেশন (ইউনেস্কো) ৭ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণকে (ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ) বিশ্বে প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি প্রদান করে। প্যারিসে ইউনেস্কোর প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক ইরিনা বুকোভা এই ঘোষণা দেন।
ইত্তেফাক/ রেজা
