সাভারে যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বাড্ডা ভাটপাড়া এলাকার একটি বালুর মাঠে শনিবার ভোরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত যুবকের নাম পরিচয় জানা যায়নি।
সাভার মডেল থানার এসআই ফরহাদ জানায়, ভোরে অজ্ঞাত ওই যুবককে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে হত্যা করে লাশ বালুর মাঠে ফেলে রেখে যায়। সকালে স্থানীয়রা তার লাশ দেখে পুলিশে খবর দেয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত যুবকের সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার পরনে ফুল প্যান্ট ও গেঞ্জি রয়েছে। নিহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। দুর্বৃত্তরা কেন তাকে হত্যা করেছে সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও তিনি জানান। এঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
