ছুরিকাঘাতকারীকে শাবির একাডেমিক ভবনে জিজ্ঞাসাবাদের চেষ্টা

আপডেট : ০৩ মার্চ ২০১৮, ২১:৪৮
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাতকারী যুবক আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের চেষ্টা চলছে। পুলিশ ও শাবির প্রক্টোরিয়াল বডি তাকে একাডেমিক ভবনে নিয়ে গেছে বলে শাবির সংশ্লিষ্টরা জানিয়েছেন।
 
এর আগে আজ শনিবার বিকালে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় আশপাশের লোকজন ওই যুবককে আটক করে। পরে গণপিটুনি দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়। আটক হওয়া যুবকের নাম ও পরিচয় জানা যায়নি। 
 
এদিকে, এ ঘটনার পর শাবির প্রশাসনের সুনির্দিষ্ট বক্তব্য পাওয়া যায় নি। ঘটনার পরপর সেখানে অসংখ্য শিক্ষার্থী জড়ো হয়। এসময় ভাংচুরের ঘটনাও ঘটে।
IMG0  
প্রসঙ্গত, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠান চলাকালে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাত করা হয়। মঞ্চে বসে থাকার সময় পেছন থেকে তার মাথায় ছুরিকাঘাত করা হয়।  আহত অবস্থায় তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
 
ইত্তেফাক/এমআই