নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী রহমান বলেছেন, নারায়ণগঞ্জ আওয়ামী লীগে দ্বিধা বিভক্তি নেই। এখন আওয়ামী লীগ এক ও অভিন্ন। আর তৃণমূল নেতা-কর্মীরা আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ। আগামী সংসদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে সবাই তার পক্ষে কাজ করে নৌকাকে বিজয়ী করবে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শনিবার বিকেলে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সম্প্রতি হকার উচ্ছেদের ঘটনা প্রসঙ্গে আইভি রহমান বলেন, ‘এখানে (নারায়ণগঞ্জ) ব্যক্তিগতভাবে নেতৃত্বের জন্য প্রতিযোগিতা থাকতে পারে। আর সব জায়গাই ছোট খাটো সমস্যা থাকে। এখানেও ছোট খাটো দুই একটি ঘটনা ঘটেছে। এর মানেই এটা নয় যে এখানে আওয়ামী লীগ দ্বিধা বিভক্ত রয়েছে।’ এর আগে মেয়র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করেন তিনি।
ইত্তেফাক/এমআই
