সড়ক দুর্ঘটনায় ২ ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ০৩ মার্চ ২০১৮, ২১:৫৯
শেরপুরে শনিবার সন্ধ্যায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- উপজেলার গজারিয়া দক্ষিণ পাড়া গ্রামের মৃত খোকার ছেলে দৌলত হেসেন (৫৫) ও শালফা এলাকার ইমরান আলীর ছেলে ইসমাইল হোসেন (৩৮)।
 
জানা যায়, দৌলত হোসেন ব্যবসায়ীক কাজে মোটরসাইকেল নিয়ে শেরপুরে যাচ্ছিলেন। কাজ শেষে সন্ধ্যায় ঢাকা-বগুড়া মহাসড়কের স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
অপরদিকে একই দিনে শালফা এলাকার ইসমাইল হোসেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা হাটে গরু বিক্রি করেন। ভটভটি নিয়ে শেরপুরে তার নিজ বাড়িতে ফেরার পথে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরুয়া বটতলা বাজার এলাকায় যাত্রীবাহী কোচের ধাক্কায় তা উল্টে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।
 
ইত্তেফাক/আরকেজি