জাকির হোসেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল

আপডেট : ০৪ মার্চ ২০১৮, ১৯:১৬
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসাবে নিয়োগ পেয়েছেন জ্যেষ্ঠ জেলা জজ ড. মো. জাকির হোসেন। রবিবার তাকে এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। 
 
এর আগে ড. জাকির হোসেন সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল ও আপিল বিভাগের রেজিস্ট্রার হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। চারমাস ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল হিসাবে দায়িত্ব পালনের পর তাকে এ পদে পূর্ণ নিয়োগ দেয়া হলো। 
 
জাকির হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এলএল.বি.(সম্মান) ও এলএল.এম ডিগ্রি অর্জন করেন। ৮ম বিসিএস এ মেধা তালিকায় ৪র্থ হয়ে তিনি ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে যোগদান করেন। ২০১৪ সালের ৪ মার্চ তিনি জেলা জজ পদে পদোন্নতি পান। ড. জাকির ২০১৫ সালের ১৫ জুন আপিল বিভাগের রেজিস্ট্রার হিসাবে নিয়োগ পান। তিনি বাংলাদেশের ফৌজদারি বিচার ব্যবস্থা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধীনে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
 
ইত্তেফাক/ইউবি