বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য ১২ এপ্রিল দিন ধার্য করেছে আদালত।
মামলার কার্যক্রমের উপর স্থগিতাদেশ থাকায় ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু সৈয়দ দিলজার হোসেন অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য এ দিন ধার্য করে দেন।
রবিবার এ মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। আদালতে খালেদা জিয়ার পক্ষে হাজিরা দেন আইনজীবী সানাউল্লাহ মিয়া। অপরদিকে মামলার আসামি তানভীর আহমেদ এবং গালিব হোসেনের পক্ষে হাইকোর্টে স্থগিতাদেশ থাকায় অভিযোগ শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন তাদের আইনজীবীরা। শুনানি শেষে আদালত উপরোক্ত আদেশ দেন।
২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুদক খালেদা জিয়া এবং তৎকালীন চার দলীয় জোট সরকারের কয়েকজন মন্ত্রীসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা দায়ের করে।
ইত্তেফাক/ইউবি
