বসুন্ধরা সিনেপ্লেক্স এর অডিটোরিয়ামে শনিবার মৌসুমি হাসানের একক আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়। প্রচলিত ধারার আবৃত্তি আয়োজনের মাঝে খানিক ভিন্নতা পায় অনুষ্ঠানটি যখন এই আয়োজনে একজন আবৃত্তিকার বরেণ্য আরেক আবৃত্তিকারকে সম্মানিত করেন। এদিনের আয়োজনে সংবর্ধনা দেয়া হয় গুণী আবৃত্তিকার ও অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়কে।
জয়ন্ত চট্টোপাধ্যায় তার সংবর্ধনা আয়োজনে নিজের অনুভূতি জানাতে গিয়ে বলেন, ‘বাচিক শিল্পী হবার সূত্রেই মৌসুমি হাসানের সঙ্গে আমার পরিচয়। তবে সে এভাবে আমাকে চমকে দেবে। উত্তরীয় পরাবে বা সংবর্ধনা ক্রেস্ট পরাবে এটা ভাবিনি। এটা আমার বাড়তি পাওনা।’ এসময় রবীন্দ্রনাথের একটি কবিতা আবৃত্তি করে শোনান জয়ন্ত চট্টোপাধ্যায়। সংবর্ধনার আনুষ্ঠানিকতা শেষে মঞ্চে আসেন মূল শিল্পী মৌসুমি হাসান। আবৃত্তির সঙ্গে বিভিন্ন রাগাশ্রয়ী গানে সঙ্গত করেন কণ্ঠশিল্পী অলোক সেন। মন কাড়ে কামরুলের বাঁশির সুর।
IMG0
অনুষ্ঠানে অন্যান্য গুণী মানুষের মধ্যে ছিলেন কবি নাসির আহমেদ, সংবাদ ব্যক্তিত্ব জ. ই. মামুন, কণ্ঠশিল্পী চন্দন সিনহা, উপস্থাপক-চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ বিশ্বাস, গীতিকবি শহীদুল্লাহ ফরায়েজী, শিল্পী দম্পতি আজিজুল হাকিম-জিনাত হাকিম, কণ্ঠশিল্পী আলম আরা মিনুসহ একঝাঁক সংবাদ পাঠিকা। উল্লেখ্য, আবৃত্তি চর্চার পাশাপাশি মৌসুমি হাসান বিটিভিতে নিয়মিত সংবাদ পাঠের কাজটিও করেন। মনোজ্ঞ এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আনজাম মাসুদ।
ইত্তেফাক/সেতু
