বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, বাংলাদেশের প্রতিটি অঞ্চলে গ্যাস পৌঁছে দেয়া হবে। আগামী দুই মাসের মধ্যে সেই প্রক্রিয়া শুরু হবে। গ্যাস দিয়ে পরিকল্পিত শিল্প-কারখানা এলাকা গড়ে তোলা হবে। তবে তিনি এর নেতিবাচক দিকও তুলে ধরে বলেন, আবাসিক একটি চুলায় গ্যাস দেয়ার মানে দুইশত লোকের চাকরি হরণ করা। কারণ একটি চুলায় যে গ্যাস পুড়ে তা দিয়ে অন্তত দুইশত লোকের চাকরি দেয়া যায়। তাই পরিকল্পিতভাবে শুধু শিল্প কারখানায় গ্যাস সরবরাহ করে সমৃদ্ধ দেশ গড়ে তুলতে সরকার কাজ করছে।
সোমবার বিকেলে টাঙ্গাইলের সখীপুর আবাসিক মহিলা অনার্স কলেজের মেধাভিত্তিক ছাত্রী সংসদের আয়োজনে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত নবীনবরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের শুভেচ্ছাদূত রাশেক রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, অধ্যক্ষ রেনুবর রহমান প্রমুখ বক্তব্য দেন।
ইত্তেফাক/আরকেজি
