কাশ্মীরে সেনাদের সঙ্গে সংঘর্ষে ৪ জনের মৃত্যু

আপডেট : ০৫ মার্চ ২০১৮, ২২:৫৬
ভারতের কাশ্মীরে সেনাদের সঙ্গে বন্দকযুদ্ধে ৪ জনের মৃত্যু হয়েছে। সেনাবাহিনী জানায়, ‘তাদের গুলিতে এক জঙ্গি ও তিন জঙ্গি মদতদাতা নিহত হয়েছে।’ তবে স্থানীয়রা বলছে, সেনার গুলিতে মৃত্যু হয়েছে নিরীহ নাগরিকদের। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের পাহনু গ্রামে।
 
সেনাবাহিনী সূত্রে খবর, নিহত জঙ্গির নাম আমির আহমেদ মালিক। সে লস্কর-ই-তৈয়বার সদস্য। নিহত ওই জঙ্গির কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। পাশাপাশি, সোমবার সকালে অন্য একটি গাড়ি থেকে এক ছাত্রের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করা হয়। নিজের গাড়ির মধ্যেই মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় মহারাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রকে। একই সঙ্গে সেনা আরও জানায়, পাহনুর ঘটনাস্থল থেকে ৬ কিলোমিটার দূরে একটি ফলের বাগান থেকে আরও এক জঙ্গির গুলিবিদ্ধ দেহ উদ্ধার করা হয়েছে।
 
গোটা ঘটনা প্রকাশ্যে আসার পরই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রীতিমতো সান্ধ্যআইন জারি করা হয়েছে। এই ঘটনার রেষ যাতে দ্রুত না ছড়ায়, তাই পুলওয়ামা, অনন্তনাগ, কুলগ্রাম এবং সোপিয়ানে ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে সেনা। সেনা-জঙ্গি গুলি বিনিময় সাধারণ মানুষের মৃত্যুর খবরে টুইট করে শোক প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। এনডিটিভি।
 
ইত্তেফাক/সেতু