ঝুলন্ত পার্লামেন্টের দিকে যাচ্ছে ইতালি। দুটি দল দাবি করেছে, সরকার গঠনে প্রয়োজনীয় আসন তারা পেয়েছে। তবে বুথফেরত জরিপ ঝুলন্ত পার্লামেন্টের ইঙ্গিত দিচ্ছে। রবিবার দেশটিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ইতালিতে এ পর্যন্ত যতো নির্বাচন হয়েছে তার মধ্যে এবারের নির্বাচনকে অন্যতম অনিশ্চিত বলে ধরে নেওয়া হচ্ছে। খবর বিবিসি ও রয়টার্সের
পার্লামেন্ট নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ রাজনৈতিক অস্থিতিশীলতার দিকে যাচ্ছে। বুথ ফেরত জরিপে দেখা যাচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির মধ্য ডানপন্থী জোট ২২৫-২৬৫টি আসনে জয় পাবে। সংখ্যাগরিষ্ঠতা পেতে কোনো দল বা জোটকে ৩১৬টি আসনে জয়ী হতে হবে।
জরিপে দেখা যায়, এন্টি এস্টাবলিশমেন্টের দল হিসেবে পরিচিত ফাইভ স্টার মুভমেন্ট দ্বিতীয় স্থানে। দলটি ১৯৫-২৩৫টি আসনে জয় পাবে বলে ধারণা। একক দল হিসেবে এটিই সবচেয়ে বেশি আসন পেতে পারে। যদিও ইতালির বুথ ফেরত জরিপ সবসময়ই সত্যি হয়নি। এবারের ভোট নতুন নির্বাচনী বিধি অনুযায়ী অনুষ্ঠিত হয়েছে।
এই বিধিতে বলা হয়েছে, সরকার গঠনের ক্ষেত্রে ৪০ ভাগ সমর্থন নিশ্চিত করতে হবে। অভিবাসীবিরোধী দলের নেতা ম্যাত্তিও স্যালভিনি গতকাল সংবাদ সম্মেনে দাবি করেন, সরকার গঠন তথা দেশ শাসন করার অধিকার তাদের হয়েছে। এজন্য বিনিয়োগকারী কিংবা ব্যবসায়ীদের ভীত হওয়ার কোনো কারণ নেই। এর কিছুক্ষণ পরই ফাইভ স্টার মুভমেন্টের প্রধান লুইগি দি মাইও বলেন, আমরা সরকার গঠন করতে যাচ্ছি। এজন্য প্রয়োজনে অন্যদের সঙ্গে আলোচনা করতে পারি। আমরা চাই জনগনকে একটি সরকার উপহার দিতে যারা জাতিকে নেতৃত্ব দেবে।
ইত্তেফাক/আনিসুর
