ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে মেহেরপুরে ২২জন গুণীজনকে সম্মাননা মাতৃভাষা পদক প্রদান করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় মেহেরপুরের মানবাধিকার সংগঠন মানব উন্নয়ন কেন্দ্র মউক এই অনুষ্ঠানের আয়োজন করে।
স্থানীয় আমঝুপি তৃণমূল মডেল একাডেমি প্রাঙ্গণে মহান মাতৃভাষা পদক ও এলাকার সমাজ সেবায় অবদান রাখায় গুণীজনদের সংবর্ধনা এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শফিউল ইসলাম সরদার। মেহেরপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ কে এম শফিকুল আলম, সহকারী জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল মালেক, বিশিষ্ট ছড়াকার ও দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার বার্তা সম্পাদক আহাদ আলী মোল্লা, আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ ও ধানখোলা ইউপি চেয়ারম্যান আখের আলী।
আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্যসহ এ অনুষ্ঠানের উদ্দেশ্য বর্ণনা করেন মউকের নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম। সভায় পদকপ্রাপ্তদের পক্ষ থেকে অনুভূতি তুলে ধরে বক্তব্য রাখেন ডা. আবুল বাশার ও সিরাজুল ইসলাম মাস্টার। মেহেরপুর জেলার স্বনিয়োজিত বিভিন্ন কর্মকাণ্ডে সমাজ সেবা ও উন্নয়নে ভূমিকা রাখায় বিভিন্ন পেশায় নিয়োজিত বাইশ জন ব্যক্তিকে মহান একুশে আন্তর্জাতিক মাতৃভাষা সম্মাননা পদক ২০১৮ প্রদান করা হয়। পদকপ্রাপ্তরা হলেন মেহেরপুর জেলার পরিবার পরিকল্পনা বিভাগের সাবেক উপ-পরিচালক ডা. আবুল বাশার, গাংনী উপজেলার অবসর প্রাপ্ত শিক্ষক মো. সিরাজুল ইসলাম, মেহেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম, আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ, ধানখোলা ইউপি চেয়ারম্যান আখের উজ্জামান, দারিয়াপুর ইউপির সাবেক চেয়ারম্যান ওয়াজেদ আলী, মেহেরপুর বি এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল হান্নান, গাংনী উপজেলার নারী নেত্রী নুরজাহান বেগম, মেহেরপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন, রাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারগীস পারভীন, ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান, সাহারবাটি ইউপি সদস্য তহসীন আলী, বুড়িপোতা ইউপি সদস্য আলমগীর হোসেন, আলহাজ্ব নজরুল ইসলাম আমঝুপি, মীর ফারুখ হোসেন আমদহ, আমিনুল ইসলাম মেহেরপুর, আলহাজ্ব হাসেম আলী নতুন মদনা ডাঙ্গা, সাবেক পিরোজপুর ইউপি চেয়ারম্যান (মরণোত্তর) জমিদার সিরাজুল ইসলাম ও ডা. হাসেম আলী চকশ্যামনগর। আয়োজিত অনুষ্ঠানে মেহেরপুর জেলার বিভিন্ন পেশাজীবিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মানবাধিকার কর্মী সাদ আহাম্মেদ ও রোকসানা খাতুন।
ইত্তেফাক/এসএস
