নড়াইলের লোহাগড়ায় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে এসিড নিক্ষেপের দায়ে স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৭৫ হাজার টাকা জরিমানার রায় প্রদান করেছেন আদালত। গতকাল সোমবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সানা মোহাম্মদ মারুফ হোসেন এ রায় দেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ইমদাদুল হক সাগর (৩০) লোহাগড়া উপজেলার পাচুড়িয়া গ্রামের আয়ুব হোসেন শেখের ছেলে। এ মামলার অপর তিন আসামি বেকসুর খালাস পেয়েছেন। তারা হলেন, সাগরের বাবা আয়ুব হোসেন শেখ, মা রোকেয়া বেগম এবং বোন সুমী খানম।
মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালে রেজিস্ট্রি কাবিনমূলে পাচুড়িয়া গ্রামের হাবিবুর রহমান শেখের মেয়ে হেলেনা খানমের সঙ্গে একই গ্রামের আয়ুব হোসেন শেখের ছেলে ইমদাদুল হক সাগরের বিয়ে হয়। বিয়ের পর স্বামী ইমদাদুল স্ত্রী হেলেনা ও তার শ্বশুরের কাছে যৌতুক হিসেবে ৫ লাখ টাকা দাবি করে। হেলেনা ও তার বাবা হাবিবুর যৌতুকের টাকা দিতে ব্যর্থ হলে ২০১২ সালের ১০ জুন সকালের দিকে স্বামী ইমদাদুল স্ত্রীকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে। এতে স্ত্রী হেলেনার মুখমণ্ডল ঝলসে যায়।
এ ঘটনায় হেলেনার বাবা হাবিবুর রহমান বাদী হয়ে ইমদাদুল হক সাগর, সাগরের পিতা আয়ুব হোসেন শেখ, আয়ুবের স্ত্রী রোকেয়া বেগম এবং মেয়ে সুমী খানমকে আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা আসামি ৪জনকে অভিযুক্ত করে চার্জশীট প্রদান করেন। মামলার সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে বিচারক আসামি ইমদাদুল হক সাগরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৭৫ হাজার টাকা জরিমানার রায় প্রদান করেন। বাকি ৩ আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস প্রদান করা হয়। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত ইমদাদুল হক সাগর ও খালাসপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এসএস
