মানববন্ধন থেকে স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবু আটক

আপডেট : ০৬ মার্চ ২০১৮, ১৩:১২
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের দিকে পূর্ব গেটের সামনে থেকে তাকে আটক করা হয়।
 
বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানান, মানববন্ধনে অংশ নেয়ার পর প্রেসক্লাবের ভেতর দিয়ে পূর্ব গেট হয়ে বের হলে সেখানে আগেই অবস্থান করা গোয়েন্দা বাহিনীর লোকজন তাকে তুলে নিয়ে যায়।
 
নেতাকর্মীদের বিপুল উপস্থিতিতে সকাল সাড়ে ১০টার দিকে শুরু হয় মানববন্ধন। এতে অংশ নিতে সকাল ৯টা থেকেই আসতে শুরু করেন নেতাকর্মীরা। মানববন্ধনকে ঘিরে পুলিশের কড়া নিরাপত্তা ছিল।
 
উপস্থিত ছিলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আব্দুল আউয়াল মিন্টু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, আব্দুস সালাম, ফরহাদ হালীম ডোনার, আতাউর রহমান ঢালী, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য শাহ মো. আবু জাফর, নিপুন রায় চৌধুরী, যুবদলেরর সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সহ-সভাপতি আলমগীর হোসেন সোহান, নাজমুল হাসান সহ-ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক, কৃষকদল, শ্রমিকদলের নেতাকর্মীরা।
 
২০ দলীয় জোটের শরীকদের মধ্যে উপস্থিত ছিলেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতিক, এলডিপির সিনিয়র যুগ্ম-মহাসচিব শাহাদৎ হোসেন সেলিম, ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া, লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী প্রমুখ।
 
ইত্তেফাক/কেকে