কুমিল্লায় পেট্রোল বোমা হামলা মামলায় বিএনপি নেতার জামিন

আপডেট : ০৬ মার্চ ২০১৮, ১৫:২৬
কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলায় বাসের ৮ যাত্রী হত্যা মামলায় জামিন লাভ করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক এমপি মনিরুল হক চৌধুরী। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জেসমিন আরা বেগম এ আদেশ দেন।
 
আদালত সূত্রে জানা যায়, বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোর রাতে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আইকন পরিবহনের একটি নৈশ কোচ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকায় পৌঁছুলে দুর্বৃত্তরা বাসটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ওই বাসের ৮ যাত্রী নিহত হন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক ২টি মামলা হয়। পুলিশ দুটি মামলার তদন্ত শেষে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি মনিরুল হক চৌধুরীসহ এজাহার বহির্ভূত ৩২ জনকে অন্তর্ভুক্ত করে গত বছরের ৬ মার্চ আদালতে চার্জশিট দাখিল করে। উভয় মামলার ৭৮নম্বর আসামি মনিরুল হক চৌধুরী।
 
মনিরুল হক চৌধুরীর আইনজীবী অ্যাডভোকেট নাজমুস সা’দাত জানান, হাইকোর্ট থেকে তিনি অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী আজ মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে তিনি জামিন লাভ করলেন।
 
ইত্তেফাক/এসএস