বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচি চলাকালে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবু'কে আইনশৃঙ্খলা বাহিনী প্রেসক্লাব এলাকা থেকে গ্রেফতার করে। এই ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ।
আজ মঙ্গলবার এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, 'এই অবৈধ সরকার তার আজ্ঞাবহ আইনশৃঙ্খলা বাহিনীকে বিরোধী দল দমনের হাতিয়ায় হিসেবে ব্যবহার করছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ড দেখলে মনে হয় সরকারের সাথে যুক্ত সবাই দুধে ধোয়া তুলসী পাতা আর বিরোধী দলের সবাই অপরাধী। সরকারের সাথে যুক্ত থাকলে খুন করেও রেহাই পাওয়া যায় আর বিরোধী দলে থাকলে মিথ্যা, বানোয়াট আর উদ্ভট মামলায় হয়রানির জন্য সদা প্রস্তুত থাকে সরকারি সংস্থাগুলো।'
নেতৃদ্বয় আরো বলেন, 'ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রথম সারির একজন রাজনৈতিক নেতা হলেন শফিউল বারী বাবু। তার নামে যখন মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত আর হয়রানিমূলক মামলা দেয়া হয় তখন ওইসব সংস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে দেশের সাধারণ ছাত্র-জনতার মধ্যে।'
নেতৃদ্বয় আশা করেন, সরকার অচিরেই বিরোধী দলের নেতা-কর্মীদের দমনের জন্য গ্রেফতার গ্রেফতারের এই খেলা থেকে থেকে সরে আসবেন। একই সাথে নেতা-কর্মীদের অন্যায়ভাবে, বিনাবিচারে হত্যা করে, গ্রেফতার করে, নির্যাতন, নিপীড়ন চালিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন থেকে দূরে রাখা যাবে না বলে হুশিয়ার করে দেন।
ইত্তেফাক/এসএস
