রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ার পরিস্থিতি নিয়ে সোমবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে টেলিফোনে কথা বলেন। সিরিয়ায় সন্ত্রাস দমনে চলমান আন্তর্জাতিক প্রচেষ্টার প্রেক্ষাপটে তারা এ ফোনালাপ করেন। খবর তাসের।
ক্রেমলিন প্রেস সার্ভিস জানায়, ফোনালাপের সময় উভয় নেতা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ২৪০১-এর জোর বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন। জাতিসংঘের ওই প্রস্তাবে অন্যান্য বিষয়ের মধ্যে রয়েছে সংঘাতপূর্ণ বিভিন্ন এলাকা থেকে বেসামরিক লোকজনকে সরিয়ে নেয়া, সিরিয়ার পূর্ব ঘৌতা ও অন্যান্য অঞ্চলে মানবিক সাহায্য ও চিকিৎসা কর্মীদের প্রবেশের সুযোগ দেয়া। প্রেস সার্ভিস আরো জানায়, এ দুই প্রেসিডেন্ট সিরিয়া সংঘাত নিরসন প্রক্রিয়ায় সহায়তার লক্ষ্যে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ রাখার ব্যাপারে সম্মত হয়েছেন। তাস।
ইত্তেফাক/সেতু
