ইউরোপ থেকে আমদানি করা স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা করার পর থেকেই সমালোচনার মুখে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দলের প্রথম সারির আইনপ্রণেতারা এখন এ সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে এই সিদ্ধান্ত বাতিল করার আহ্বান জানাচ্ছেন।
যদিও ট্রাম্প নিজের অবস্থান পরিবর্তন না করার ঘোষণা দিয়েছেন। গত সপ্তাহে ইউরোপ থেকে আমদানি করা স্টিল বা ইস্পাতের উপরে ট্রাম্পের কর আরোপের পরিকল্পনা ইউরোপসহ সারা পৃথিবীতেই ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। এর জবাবে ইতিমধ্যেই আমদানিকৃত মার্কিন পণ্যের উপরে পাল্টা করারোপের হুমকি দিয়েছে ইউরোপ। ফলে নতুন এক বাণিজ্য যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে।
IMG0
কিন্তু এমন আশঙ্কার পরেও ট্রাম্প নিজের পরিকল্পনা থেকে পিছিয়ে আসবেন না বলে ঘোষণা দিয়েছেন। ট্রাম্পের বক্তব্যের এক ঘণ্টা আগে স্পিকার পল রায়ান কর আরোপের সিদ্ধান্ত থেকে ট্রাম্পকে সরে আসার আহ্বান জানিয়েছিলেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, ইউরোপের সঙ্গে কোনো ধরণের বাণিজ্য যুদ্ধ বেধে গেলে, তার ফলাফল বা প্রভাব নিয়ে উদ্বিগ্নবোধ করছেন তারা। বিবিসি।
ইত্তেফাক/সেতু
