বিদেশিদের সঙ্গে মিটিং করে লাভ হবে না : বিএনপিকে হাছান মাহমুদ

আপডেট : ০৬ মার্চ ২০১৮, ১৯:৫৪
বিদেশিদের সঙ্গে ঘন ঘন মিটিং করে লাভ হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ এমপি।
 
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে চেতনা একাত্তর আয়োজিত 'সিলেটে ড. জাফর ইকবালের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে' আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
 
তিনি বলেন, ২০১৩ সালেও আপনারা (বিএনপি) বিদেশি কূটনৈতিকদের সঙ্গে মিটিং করেছিলেন এবং বিভিন্ন দূতাবাসে ঘন ঘন বৈঠক করে নির্বাচন বর্জন করেছিলেন। নির্বাচন বর্জন করার কারণে আপনাদের কি দৈন্যদশা হয়েছে সেটি আপনারা নিশ্চয় হাড়ে হাড়ে টের পাচ্ছেন। আবারও যদি ঘন ঘন মিটিং করে এবং কারো ফাঁদে পা দিয়ে ভুল সিদ্ধান্ত নেন তাহলে আপনাদের পরিণতি হবে ভয়াবহ। সুতরাং বিদেশিদের সঙ্গে মিটিং না করে জনগণের সঙ্গে মিটিং করুন। 
 
বিএনপি অস্ত্রধারীদের লালন-পালন করছে বলে মন্তব্য করে আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ বলেন, আজকে বিএনপির একটি মানববন্ধন ছিল। আমাদের লজ্জা লাগে যখন তারা নিজেদের সমাবেশে নিজেরা ধাক্কাধাক্কি করে এবং পুলিশের প্রতি অস্ত্র পদর্শন করে। তারা (বিএনপি) যে অস্ত্রধারীদের লালন-পালন করে, অস্ত্রের ভাষায় কথা বলে সেটির প্রমাণ হচ্ছে আজকের মানববন্ধনে তাদের অস্ত্রধারীদের উপস্থিতি এবং পুলিশের প্রতি অস্ত্র প্রদর্শন।
 
ড. জাফর ইকবালের উপর হামলার বিষয়ে তিনি বলেন, অতীতেও মুক্তমনা লেখকদের উপর, মুক্তচিন্তার মানুষদের উপর হামলা হয়েছে, হত্যা করা হয়েছে। এরপর যখন আইনশৃঙ্খলা বাহিনী হামলাকারীদের, তাদের মদদদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে তখনি তারা (বিএনপি) উল্টাপাল্টা বক্তব্য দিয়ে হামলাকরীদের আড়াল করার চেষ্টা করেছে। অধ্যাপক ড. জাফর ইকবাল ভাগ্য ক্রমে বেঁচে গেছেন, ঠিকভাবে যদি তার ঘাড়ে চুরির আঘাত লাগতো তাহলে তিনি মৃত্যুবরণ করতেন। হামলাকারী সবকিছু জেনেশুনে ট্রেনিং নিয়েই পেছন থেকে হামলা করেছে। সরকার যখন এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে তখন অতীতের মতো বিএনপি বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে বেড়াচ্ছে।
 
আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, বিএনপি আবারো তাদের সন্ত্রাসী বাহিনীকে মাঠ নামিয়েছে। সেটির মহড়া হয়েছে আজকে প্রেসক্লাবের সামনে। এদের বিরুদ্ধে উপযুক্ত  ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি আওয়ামী লীগের সমস্ত পর্যায়ের নেতাকর্মীদের সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।
 
আয়োজক সংগঠনের উপদেষ্টা লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সামসুল হক টুকু, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী মনোরঞ্জন ঘোষাল, সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক, আওয়ামী লীগ নেতা অধ্যাপক ফজলুল হক, শাহাদাত হোসেন টয়েল, অরুন সরকার রানা, শেখ নওশের আমিন  প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি