আসন্ন ভারতীয় প্রিমিয়ার লিগ আইপিএলের জন্য বুধবার অধিনায়কের নাম ঘোষণা করবে দিল্লী ডেয়ারডেভিলস। এপ্রিলে শুরু হওয়া এই টুর্নামেন্টে দিল্লীর নেতৃত্বে গৌতম গম্ভীরই তালিকায় এগিয়ে আছেন বলে ইঙ্গিত পাওয়া গেছে। দিল্লীর নব নিযুক্ত কোচ রিকি পন্টিং গত মাসে এই তথ্য নিশ্চিত করেছেন।
গম্ভীরের অভিজ্ঞতা ও অধিনায়ক হিসেবে সফলতাই এই পদের জন্য তাকে এগিয়ে রেখেছে বলে পন্টিং উল্লেখ করেছেন। এ সম্পর্কে পন্টিং বলেন, এটা অনেকটাই নিশ্চিত যে আগামী মৌসুমের জন্য গম্ভীরই অধিনায়ক হতে যাচ্ছেন। আমরা তার সাথে এ ব্যাপারে আলোচনা করেছি। সে আমাদের আশ্বস্ত করেছে। পুনরায় নিজ ঘরের ক্লাবে ফিরে এসে আশা করছি সে দারুণভাবে দিল্লীকে নেতৃত্ব দিতে পারবে। তার নেতৃত্বে দারুণ অভিজ্ঞতা রয়েছে। কেকেআর এর অধিনায়ক হিসেবে আমরা তার কোন ধরনের দোষ ত্রুটি ধরতে পারিনি। গত মৌসুমে তার অধীনে কেকেআর দুর্দান্ত খেলেছে। সে কারণেই আমরা মনে করেছি দলের তরুণদের সাথে কাজ করার আগে তার ওপর নেতৃত্ব দেয়াটা জরুরী। আমরা একজন অভিজ্ঞ অধিনায়কের ওপরই দলের দায়িত্ব দিচ্ছি। আমি নিশ্চিত সে তার দায়িত্ব দারুনভাবে পালন করতে পারবে।
ইত্তেফাক/এএম
