বড় পর্দায় এখন তেমন অভিনয় করছেন না চিত্রনায়ক রিয়াজ। তবে ছোট পর্দায় অল্প বিস্তর কাজ করছেন জনপ্রিয় এই অভিনেতা। সম্প্রতি পারশা ইভানার একটি নাটকে নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন রিয়াজ। ‘ইয়ে না বিয়ে’ শিরনামের নাটকে একসঙ্গে দেখা যাবে তাদের।
পরিবারের চাপে অর্পিতাকে বিয়ে করেন অমিত। কিন্তু মন থেকে কিছুতেই ইরিনের স্মৃতি মুছে ফেলতে পারে না। যার প্রভাব পড়ে অর্পিতার ওপর। তবে অর্পিতাও নাছোড়বান্দা। নিজের ভালোবাসা দিয়ে অমিতের মন জয় করবেই। একসময় সফলও হয় অর্পিতা। তার ভালোবাসার কাছে হার মানে অমিত। কিন্তু হঠাৎ করেই আগমন ঘটে অমিতের পূর্ব প্রেমিকা ইরিনের। অমিত আবারো ইরিনের প্রতি দুর্বল হয়ে পড়ে। এভাবেই এগিয়ে যায় নাটকটির গল্প।
মোহাই মেনুল নিয়নের রচনায় নাটকটি নির্মাণ করেছেন মেহেদী হাসান হৃদয়। নাটকটির অমিত চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ। অর্পিতা চরিত্রে দেখা যাবে ইভানাকে। আর ইরিনের চরিত্রে অভিনয় করেছেন লাবণ্য বিন্দু। সম্প্রতি নগরীর উত্তরার বিভিন্ন স্থানে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। এটি প্রযোজনা করেছেন মোজাফফর দিপু।
ইত্তেফাক/মোস্তাফিজ
