আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ‘বিএনপি রাজপথের দল নয়, তাদের রাজপথে নেমে আন্দোলন করার যোগ্যতা নেই, তাদের আন্দোলন দলীয় কার্যালয় ভিত্তিক’ এ ধরনের বক্তব্য প্রসঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘এমন সময় আসবে যে জনগণের ধিক্কারের জন্য আওয়ামী লীগকেই ঘরের মধ্যেই কর্মসূচি পালন করতে হবে।’
তিনি বুধবার দুপুরে নগরীর কেডিঘোষ রোডস্থ খুলনা মহানগর ও জেলা বিএনপি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেছেন, গণতন্ত্রের পথ বন্ধ হলে যা অবশিষ্ট থাকে তা কারও জন্য কাম্য নয়। বিএনপি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন হিসাবে ১০ মার্চ খুলনায় বিভাগীয় জনসভা করতে চায়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকতউল্লাহ বুলু, খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, কেন্দ্রীয় নেতা জয়ন্ত কুণ্ডু, সিটি মেয়র মনিরুজ্জামান মনি প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
