জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত আবির (১৬) নামে এক স্কুলছাত্র মারা গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায় বলে জানা।
পুলিশ সূত্রে জানা যায়, সৈকাদী গ্রামের মো. আইয়ূব আলী ও রমিজ উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা ও বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের হিসেবে সোমবার সকালে রমিজ উদ্দিনের ছেলে মনিরের নেতৃত্বে কতিপয় সন্ত্রাসী মালয়েশিয়া প্রবাসী আইয়ূব আলীর বাড়িতে দা, ছুরা, লাঠি, লোহার রড ইত্যাদি দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আইয়ুব আলীর কলেজ পড়ুয়া ছেলে হিমন (২০) ও স্কুলছাত্র আবির (১৬) মারাত্মকভাবে আহত হয়।
তাদের প্রথমে নরসিংদী জেলা হাসপাতাল ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আবিরকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় আবির মারা যায়। আবির পাঁচদোনা স্যার কেজি গুপ্ত উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ছিল। এ ব্যাপারে নরসিংদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, ঘটনার পর পর আবিরের পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। পরবর্তীতে মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়।
ইত্তেফাক/আরকেজি
