নারীর ক্ষমতায়নে বাংলাদেশ রোল মডেল: রাষ্ট্রপতি

আপডেট : ০৭ মার্চ ২০১৮, ২০:০০
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ আজ সারাবিশ্বে রোল মডেল হিসেবে স্বীকৃত। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ বুধবার এক বাণীতে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় এ দিবস পালিত হবে। এ উপলক্ষে রাষ্ট্রপতি বাংলাদেশ ও বিশ্বের সকল নারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
 
তিনি বলেন, বর্তমান সরকার নারী শিক্ষার বিস্তার ও নারী অধিকার প্রতিষ্ঠাসহ নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মক্ষেত্রে অবাধ প্রবেশ ও নীতি নির্ধারণে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে বহুমুখী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে। পিছিয়ে থাকা নারীরা আজ জাতীয় উন্নয়নের অংশীদার। কর্মসংস্থানের ব্যাপক সুযোগ গ্রাম-শহরে নারীর কর্মজীবনকে দৃশ্যমান করেছে। এ বছরে আন্তর্জাতিক নারী দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে- ‘সময় এখন নারীর -: উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্মজীবন ধারা’। এ প্রতিপাদ্য বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত সময়োপযোগী ও যথাযথ হয়েছে।
 
আবদুল হামিদ বলেন, দেশের আয়বর্ধক কর্মকাণ্ড তথা ব্যবসা-বাণিজ্যে নারী সমাজের অংশগ্রহণ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। প্রত্যন্ত গ্রামে কম সুযোগ পাওয়া নারীর জীবনে তথ্য প্রযুক্তির ছোঁয়া লেগেছে। তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বাস্থ্য, শিক্ষা ও আইনি পরামর্শ সহজলভ্য হওয়ার কারণে নারীর জীবনযাত্রার মানে ইতিবাচক পরিবর্তন এসেছে।
 
ইত্তেফাক/এমআই